ব্যাটিংয়ে নিজেদের এগিয়ে রাখছেন কুশল

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের আটে আছে শ্রীলঙ্কা। আজ তাদের খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম দুই ম্যাচ শেষে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে সবার শেষে।

বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস মনে করেন ব্যাটিংয়ের দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে তারা। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ৪২৯ রানের টার্গেটে নেমে অলআউট হয় ৩২৬ রানে। এরপর পাকিস্তানের বিপক্ষে করে ৩৪৫ রান। কুশল বলেন, 'অস্ট্রেলিয়া দুই ম্যাচ হেরেছে, আমরাও হেরেছি। আমরা কিন্তু ৩০০ এর বেশি স্কোর করেছি। যে ম্যাচে ৪০০ (৪২৯) টার্গেট ছিল সেখানেও রান করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা তাদের (অস্ট্রেলিয়া) চেয়ে ভালো অবস্থানে আছি।'

দাসুন শানাকার ইনজুরির কারণে বিশ্বকাপে দলের অধিনায়ক এখন কুশল। তবে এ কারণে নিজের ব্যাটিং নিয়ে চাপে থাকবেন না বলে জানান কুশল। ব্যাটিং পজিশনও পরিবর্তন করবে না। 'অধিনায়কত্ব পেয়ে আমি খুশি। আমি তেমনভাবেই খেলবো যেমনটি খেলে আসছি। আমার কোন কিছু পরিবর্তনের দরকার নেই। আগেও অধিনায়কত্ব করেছি। এখানেও প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করেছি। ব্যাটিংয়ে আমি শুধু আমার পারফরম্যান্স ধরে রাখতে চাই।' বলছিলেন কুশল।

আগামীকাল অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ লখনৌতে। পিচ দেখেছেন কুশল। একাদশে পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নে কিছু জানাননি লঙ্কান অধিনায়ক। ম্যাচের আগেই নেবেন সিদ্ধান্ত।

আগেই দুই ম্যাচেই খারাপ হয়েছে শ্রীলঙ্কার বোলিং। এ নিয়ে কুশল বলেন, 'ভারতের পিচ বেশিরভাগই ব্যাটিং সহায়ক। আমি বিশ্বাস করি বোলাররা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন। অধিনায়ক হিসেবে আমি তাদের (বোলারদের) পারফরম্যান্সে নজর রাখবো অনুশীলনের সময়।'

ব্যাটিংয়ে বাজে সময় পার করছে অস্ট্রেলিয়া। নিজেদের দুই ম্যাচে ভারতে সঙ্গে ১৯৯ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১৭৭ রানে অলআউট হয়ে যায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে আটটিতে হেরেছে শ্রীলঙ্কা। একটি পন্ড হয়, জয় একটি।