এবার বোলাররাও হবেন ‘টাইমড আউট’

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছিল ‘টাইমড আউট’ দিয়ে। অনেকে এই নিয়ম সম্পর্কে জানতেনই না। কারণ ক্রিকেট ইতিহাসে এটাই যে প্রথমবার হয়েছে। পক্ষে-বিপক্ষে এ নিয়ে গত কয়েক সপ্তাহে আলোচনা-সমালোচনার পর এবার নতুন নিয়ম করেছে আইসিসি।

এতদিন যা ব্যাটসম্যানদের বেলায় ছিল এবার সেই ‘টাইমড আউট’ বোলারদের বেলায়ও নিয়ে আসা হয়েছে। এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শুরু করতে হবে। অন্যথায় তাদেরও দিতে হবে ৫ রানের পেনাল্টি!

আজ আহমেদাবাদের নরমাদায় অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে আলোচনা করা হয় যে– বোলাররাও যেন প্রতি ওভারের মাঝে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের বিরতি দেয়। এক ইনিংসে যদি তিনবার এর চেয়ে বেশি সময় দেরি করে, তাহলে ফিল্ডিংরত দলকে ৫ রান পেনাল্টি করা হবে। ওই ৫ রান যোগ হবে ব্যাটসম্যানদের দলে।

নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। যা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। আর বিষয়টি পরীক্ষার জন্য প্রতি ওভারের মাঝে ঘড়িতে সময় দেখা হবে। আর এটিকে নাম দেওয়া হয়েছে ‘স্টপ ক্লক’ পদ্ধতি। সে অনুসারে- বোলিংকারী দলকে পরের ওভার শুরু করতে হবে পরবর্তী ৬০ সেকেন্ডের মধ্যে। এর ভেতর ওই দল বল করতে প্রস্তুত না থাকলে, আম্পায়াররা তাদের সতর্ক করবেন। এভাবে নির্ধারিত এই সময়টা তিনবার অতিক্রম করে গেলে তাদের জরিমানা হিসেবে দিতে হবে ৫ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত