রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। গতকাল রবিবার দুপুরে তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জোট নেতাদের স্বাগত জানান।
জানা গেছে, বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। কিন্তু তিনি ঘুমিয়ে থাকায় তার সঙ্গে দেখা করতে পারেননি নেতারা। পরে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ইন্টারভনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার নেত্রীর স্বাস্থ্যের ব্যাপারে ১২ দলের নেতাদের জানান।
পরে ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদা প্রমুখ।