শাহজালালে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে সোনা চোরাচালানের সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। তার নাম সুমন হোসেন (৪৩)। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যদের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় আগমনী কনকোর্স হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন নামে ওই ব্যক্তি পায়ুপথে ৩ কেজি ২৩১ গ্রাম সোনা বহন করছিল। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ২০ লাখ টাকা। তিনি বলেন, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সুমন শনিবার বিকালে বিমানবন্দরে অবতরণ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা প্রস্তুত ছিলেন। পরে সব কার্যক্রম শেষে অভিযুক্ত সুমন কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করলে সুমনকে আটক করা হয়। তখন জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার পায়ুপথে সোনা রয়েছে।