হাইকোর্টের রায় বহাল

পিরোজপুরের দুই আসনের সীমানা নির্ধারণ বৈধ

পিরোজপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্র্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের বৈধতা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল গতকাল সোমবার খারিজ করে এ রায় দেয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। ফলে সংশ্লিষ্ট বিষয়ে ইসির সিদ্ধান্ত বহাল রইল বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

পিরোজপুর-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ইসির গেজেটের বৈধতা নিয়ে দেওয়া রুল গত ৩ সেপ্টেম্বর খারিজ করে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করে রিট আবেদনকারীপক্ষ। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান, মুরাদ রেজা ও সাঈদ আহমেদ রাজা। ইসির পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

পিরোজপুর-১ আসনটি ছিল সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে। পিরোজপুর-২ ছিল কাউখালী, ভা-ারিয়া ও ইন্দুরকানী উপজেলা নিয়ে। গত ১ জুন সীমানা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে সীমানা পরিবর্তন করে পিরোজপুর-১-এ নেছারাবাদকে বাদ দিয়ে সেখানে পিরোজপুর- ২-এর ইন্দুরকানী উপজেলাকে যুক্ত করা হয়। অন্যদিকে নেছারাবাদকে পিরোজপুর-২ যুক্ত করা হয়।