ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোনো অপরাধী যেন তদন্তসংশ্লিষ্ট কোনো কারণে খালাস না পায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মামলার তদন্ত ও মনিটরিংয়ের ক্ষেত্রে আরও বেশি আন্তরিক হতে হবে, যাতে করে স্বল্পতম সময়ের মধ্যে মামলা তদন্ত শেষ করা যায়।
গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন। তিনি ওই সময় আরও বলেন, গ্রেপ্তারি পরোয়ানা সঠিকভাবে তামিল করতে হবে। ওয়ারেন্টভুক্ত কোনো ব্যক্তি যাতে সমাজের মূল স্রোতের সঙ্গে মিশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। চুরির মামলা, ছিনতাই মামলা, চোরাই গাড়ি উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে আরও গুরুত্ব দিতে হবে।
কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, গুজব প্রতিরোধে পুলিশের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যাতে করে কেউ গুজব সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে। জনগণের সামনে সত্য উন্মোচন করে সঠিক তথ্য তুলে ধরতে হবে। সমাজের বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে হবে।