দ্বিতীয় বিয়ে করায়...

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনা জানাজানি হওয়ার পর ভোরে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্বামী আজিজুল মিয়াকে (৩০) প্রথমে সুনামগঞ্জ সদর হাসাপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

অভিযুক্ত স্ত্রী বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের শাহনুর মিয়ার মেয়ে জহুরা। বিয়ের কয়েকদিন পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তিনি তাহিরপুরে বেসরকারি একটি সংস্থায় চাকরি করে।

জানা যায়, ২০২১ সালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের শুক্কুর আলীর ছেলের সঙ্গে একই গ্রামের শাহনুরের মেয়ে জহুরা বেগমের (২৫) বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পর তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে মামলাও হয়। গত কয়েকমাস আগে আজিজুল দ্বিতীয় বিয়ে করেন।

দ্বিতীয় বিয়ের পর আজিজুল প্রথম স্ত্রী জহুরাকে ডিভোর্স দেয়। কিন্তু জহুরা দাবি করেছে, তাদের মধ্যে কোনো ছাড়াছাড়ি হয়নি। দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখত আজিজুল। প্রথম স্ত্রীর করা এক মামলায় কিছুদিন জেলও খাটেন তিনি। ঘটনার দিন জহুরাকে বলেই রাতে তার বাড়িতে যান। একপর্যায়ে রাত ৩টার দিকে ব্লেড দিয়ে এ ঘটনা ঘটান জহুরা।

জহুরার বাবা শাহনুর মিয়া বলেন, বিয়ের কিছুদিন পর মেয়েকে আজিজুল যৌতুকের জন্য চাপ দিতে থাকে। টাকা না পেয়ে মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করত সে। পরে আজিজুল কিছু না জানিয়ে আবার দ্বিতীয় বিয়ে করে। ঘটনার সময় রাতে আমরা ঘুমে ছিলাম।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান দেশ রূপান্তরকে জানান, ঘটনার পর পরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।