ঋণ শোধ করতে কিডনি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট

কিডনি বিক্রি করতে চেয়ে মো. হুজাইফা (২৬) নামের এক যুবক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যোগাযোগের জন্য ওই স্ট্যাটাসে নিজের মোবাইল নম্বরও দেন তিনি। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) হুজাইফা তুল ইয়ামানী নামের একটি ফেসবুক আইডি থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়।

মোবাইল নম্বরসহ স্ট্যাটাস দেওয়া ওই যুবকের নাম মো. হুজাইফা। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া পুলবন্দী গ্রামে। তিনি ওই গ্রামের পান ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে।

ফেসবুক স্ট্যাটাসে হুজাইফা তুল ইয়ামানী লেখেন, 'একটি কিডনি বিক্রি করা হবে, প্রয়োজনে যোগাযোগ করুন।’

হুফাইফার সঙ্গে কথা হলে তিনি জানান, ২০১৫ সালে আলফা হাফিজা মাদ্রাসা থেকে হাফেজ হন। এরপর তিনি ঢাকাতে মাওলানা পড়তে যান। ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের পর গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারে একটি মোবাইল ব্যাংকিং ও একটি মুদির দোকান দেন। দোকানের জন্য স্বজন ও এনজিও'র কাছে বিভিন্ন সময়ে ঋণ করেন। এক পযার্য়ে তার ২ লাখ ৭১ হাজার টাকা ঋণ হয়ে যায় বলে দাবি করেন তিনি। সেই টাকা পরিশোধ ও পারিবারিক নানা সমস্যা দূর করতেই শরীরের কিডনি বিক্রির স্ট্যাটাস দেন।

হুজাইফা আরও বলেন,একদিকে ঋণের চাপ অন্যদিকে দেড় মাসের শিশু সন্তানের খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন। তাই নিরুপায় হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ফোনে জানান, স্ট্যাটাস বা খবর আমার জানা নেই।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বলেন, যদিও বিষয়টি আমার জানা নেই। তিনি জেলা প্রশাসক বা সংশ্লিষ্টদের নিকট আবেদন করতে পারেন।