ক্যাথরিন ডাল্টন, নামটা ক্রিকেট দুনিয়ায় তেমন একটা পরিচিত নয়। আয়ারল্যান্ডের হয়ে মাত্র ৪টি করে ওয়ানডে ও টি২০ খেলা এই পেসার ক্রিকেট ক্যারিয়ারেও তেমন একটা দ্যুতি ছড়াননি। কিন্তু খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিং জীবনে এসে এক অনন্য নজির স্থাপন করেছেন ক্যাথরিন। পাকিস্তান সুপার লিগের গতবারের রানার্স আপ মুলতান সুলতানের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।
শীর্ষ পর্যায়ের কোনো পুরুষ দলে তিনিই প্রথম পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন। পিএসএল ইতিহাসেও প্রথম কোনো নারী কোচ তিনি। কোচিং ক্যারিয়ারে ইসিবি’র লেভেল ৩ অ্যাডভান্সড কোর্স সম্পন্ন করেছেন ক্যাথরিন। এর আগে যুক্তরাজ্যের ন্যাশনাল ফাস্ট বোলিং একাডেমি এবং ভারতের আলটিমেট পেস ফাউন্ডেশনে কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
মুলতানে যোগ দেয়ার ঘটনায় আনন্দিত ক্যাথরিন বলেছেন, ‘এর আগে পাকিস্তানে দুবার কাজ করতে এসে ফ্র্যাঞ্চাইজিটির কয়েকজন পেসারের সঙ্গে কাজ করেছি। পিএসএলে কাজ করতে পারার ঘটনায় আমি অভিভূত।’
মুলতানের স্বত্তাধিকারী আলি তারিন বলেন, ‘গত পাঁচ বছরে ধরে প্লেয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করছেন ক্যাথরিন। আমি নিজে দেখেছি কীভাবে তরুণ খেলোয়াড়দের তিনি উন্নতি করাতে পারেন। ক্যাথরিনের কাজের স্পৃহা দেখে আমি সবসময়ই বিশ্বাস করেছি সে উচু পর্যায়ে পৌঁছাবে। তার শুরুটা আমাদের সঙ্গে হওয়া খুবই আনন্দের ঘটনা।’
৩০ বছর বয়সী ক্যাথরিন আন্তর্জাতিক ক্রিকেটে আইরিশদের হয়ে প্রতিনিধিত্ব করলেও জন্মেছেন ইংল্যান্ডেই। ২০১৫ সালে আয়ারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। পিএসএলের গত তিন আসরেই ফাইনাল খেলেছে মুলতান সুলতান। এর মধ্যে ২০২১ সালে শিরোপা ঘরে তুলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।