বগুড়ার শেরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় উল্টে যাওয়া অটোভ্যানের নিচে চাপা পড়ে বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরের পর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী উপজেলার পৌরসভাস্থ উত্তরসাহা পাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।
জানা যায়, বেলাল হোসেন ছাগল কেনার জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে যান। সেখান থেকে ছাগল কিনে অটোভ্যানযোগে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে শেরপুরের হাসপাতাল রোড এলাকায় পৌঁছালে প্রাণ ফ্রুটো কোম্পানির একটি কাভার্ডভ্যান অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোভ্যানটি উল্টে গিয়ে বেলাল নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয় লোকজন তাড়া করে কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালক আটক রয়েছে।