মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে একটি ঢালাই লোহা এবং একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানা দুটি অবৈধ সংযোগের মাধ্যমে বছরে কোটি টাকার বেশি গ্যাস চুরি করত। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে ম্যাজিস্ট্রট হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম।
তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা গজারিয়া উপজেলার আনারপুরা এলাকার একটি ঢালাই লোহা কারখানা এবং মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি। অভিযানের খবর পেয়ে কারখানায় কর্মরত শ্রমিক এবং মালিকপক্ষের লোকজন কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। কারখানা দুটিতে বছরে অন্তত ১ কোটি ২০ লাখ টাকার গ্যাস চুরি করা হতো। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’