রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতা হত্যায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজন (৪০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার মধ্যরাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫) এবং তার দুই ছেলে রাফি মণ্ডল (৩২) ও মেহেদী হাসান দিপু (৩০)।

গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।

তিনি বলেন, কোনাগ্রামে খাস জমি বন্দোবস্ত নেন ভূমিহীনরা। সেই জমি দখল করে রাখেন একই এলাকার ভূমিদস্যু শাহাদাত মণ্ডল ও তার পক্ষের লোকজন। আজিজ ভূমিহীনদের পক্ষ নিয়ে খাস জমি দখলের প্রতিবাদ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে ভূমিদস্যুরা।