‘কিছু কিছু মানুষের মৃত্যু হয় না। তারা শুধু অসীমের সন্ধানে যান।’ আজ বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের মহীরুহ আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী; প্রয়াণদিবসে তাকে নিয়ে এমনই মন্তব্য করলেন দীর্ঘদিনের সঙ্গী ও নব্বই দশকের জনপ্রিয় গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
বর্তমানে দেশের জনপ্রিয় ঔপন্যাসিকদের একজন শিবলী। তার লেখা বেশ কিছু উপন্যাস স্থান পেয়েছে বেস্টসেলার তালিকায়। তবে একসময় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির জন্য দুই হাত ভরে লিখেছেন তিনি। তার লেখা গান শুধু এলআরবি নয়, সমৃদ্ধ করেছে আইয়ুব বাচ্চুর সলো ক্যারিয়ারকেও।
শিবলী একদিকে এলআরবির জন্য লিখেছেন ‘মাকে বলিস’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘আহা জীবন’, ‘নীল বেদনা’, ‘চাঁদ মামা’, ‘যাবে যদি চলে যাও’; আবার তার লেখা ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘কেউ সুখী নয়’, ‘বড়বাবু মাস্টার’, ‘খুব সাধারণ জীবন আমার’-এর মতো গানগুলো আইয়ুব বাচ্চুর সলো ক্যারিয়ারকে বর্ণিল করেছে বহুগুণ।
শিবলী বলেন, ‘বাচ্চু ভাই চলে যাননি, চলে যেতে পারেন না। মৃত্যুর পাঁচ বছর পরও তিনি সমান জনপ্রিয়। তিনি এখন আর উচ্চবিত্তের লিভিং রুম বা উচ্চমধ্যবিত্তের ঝুল বারান্দায় আটকে নেই। চলে গেছেন মাটির মানুষের কম দামি সেলফোনেও।’
তিনি আরও বলেন, ‘এখন চা দোকানি থেকে রিকশাচালক সবাই আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’ শোনেন। এভাবেই আইয়ুব বাচ্চু যুগ থেকে যুগান্তরে বেঁচে থাকবেন।’