‘তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি’ কিংবা ‘সন্ধ্যা নামায় রাখি’র মতো গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া ব্যান্ডদল ‘বাংলা ফাইভ’ ভেঙে যাচ্ছে । আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা ও সংগীতশিল্পী সিনা হাসান।
বাংলা ফাইভের ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে সিনা হাসান জানান, আগামী ছয় মাসের বেশি সক্রিয় থাকবে না ব্যান্ডটি। এই সময়ের মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি কনসার্টে পারফর্ম করার পরিকল্পনা রয়েছে তাদের। এরপর আনুষ্ঠানিকভাবে ব্যান্ডের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
ব্যান্ডটির পথচলার শুরু ২০১৫-১৬ সালের দিকে। সিনা হাসানের প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ প্রকাশের পর থেকেই ‘বাংলা ফাইভ’ নামে লাইভ পারফর্ম করতে শুরু করেন তারা। ২০১৯ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। এরপর ২০২২ সালে আসে ‘লুকিয়ে থাকার সময়’। পাশাপাশি প্রকাশিত হয়েছে বেশ কিছু একক গান।
বিশেষ করে ‘তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পায় বাংলা ফাইভ। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সিনা হাসান। এ ছাড়া ‘সন্ধ্যা নামায় রাখি (তুই ফিরবি বলে)’ গানটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যান্ডটির ভাষ্য অনুযায়ী, গানটি বাংলা ব্যান্ডের গান হিসেবে টিকটকে সর্বাধিক ব্যবহৃত গানগুলোর একটি হয়ে ওঠে।
বিবৃতিতে সিনা হাসান স্মৃতিচারণা করেছেন ব্যান্ডটির শুরুর দিকের ব্যস্ত সময়ের। বিশেষ করে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে নিয়মিত কনসার্ট করেছে বাংলা ফাইভ। দেশের বিভিন্ন প্রান্তে পারফর্ম করার পাশাপাশি পেয়েছে উল্লেখযোগ্য গণমাধ্যমের প্রচার ও স্বীকৃতি। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি কনসার্ট করার কথাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের বাইরেও পারফর্ম করেছে বাংলা ফাইভ ব্যান্ড। ভারতের কৃষ্ণনগর ও পাটুলি মেলার মাঠে একই মঞ্চে সংগীত পরিবেশনের অভিজ্ঞতা হয়েছে তাদের। সেখানে মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস দাস (বাপী দা), শিলাজিৎসহ আরও অনেক শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছে ব্যান্ডটি। ভারত ও নেপালে তাদের কয়েকটি কনসার্ট বাতিল হওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেছেন সিনা।