সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদানের মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় সাধারণ : সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার, ২০২৩ পেয়েছে বাংলাদেশ পুলিশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হাতে এ পুরস্কার তুলে দেন।
২০১৭ সালের ১৫ জানুয়ারি সারা দেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ‘ই-সার্ভিস’ কার্যক্রম চালু করে পুলিশ। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সব থানায় চলমান। এ যাবৎ ৪৪ লাখ ১ হাজার ৭১৮ জন বাংলাদেশি এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে এ সেবা পেয়েছেন।