১০ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। যুদ্ধ শুরুর দিন থেকেই গাজাতে কঠোর অবরোধের ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী।
তবে আগামীকাল শুক্রবার (২০ অক্টোবর) থেকে অবরুদ্ধ গাজাতে ত্রাণ ঢুকতে দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ইসরায়েল সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আল জাজিরা ও বিবিসি।
আল জাজিরা জানায়, ইসরায়েলের বোমা হামলার কারণে রাফা ক্রসিংয়ের গাজা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তা মেরামত করতে সময় লাগবে জানিয়েছে মিসর সরকার। এ কারণেই শুক্রবার থেকে গাজায় ত্রাণ বিতরণ করা হবে। গাজা থেকে মিসরে প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথ এই রাফা ক্রসিং।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। গাজার বেসামরিক মানুষের জন্য ত্রাণ সরবরাহ করতে রাফাহ ক্রসিং খুলেতে রাজি হয়েছে মিসর। এ ছাড়া (ইসরায়েলের) প্রধানমন্ত্রীও এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।“
বাইডেন জানান, “প্রথম দিন ২০টি ট্রাককে প্রবেশ করতে দেওয়া হবে। রাফাহ ক্রসিং এর ওপারে ১৫০টি ট্রাক অপেক্ষা করছে। তাদের পার হতে দেওয়া হবে কিনা তা নির্ভর করবে এই ২০টি ট্রাক কিভাবে যায় তা পর্যবেক্ষন করে।“
তবে বাইডেন আরও জানান, এই ক্রসিং খোলা হবে কেবল ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য। শরণার্থীরা এই ক্রসিং ব্যবহার করতে পারবেন না।