গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) এসব হামলা ঘটে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। চলমান দুর্বল যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে লঙ্ঘন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার সালাহ আল-দিন সড়কে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হন।
দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আরও একজন ফিলিস্তিনি নিহত হন।
অন্যদিকে, মধ্য গাজার বানী আবু সালেহ এলাকায় ভোরে বেসামরিক নাগরিকদের একটি সমাবেশে ড্রোন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
এছাড়া খান ইউনুসের দক্ষিণাঞ্চলে আর্টিলারি গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে, তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভবন ও অবকাঠামো ধ্বংস অভিযানও চালিয়ে যাচ্ছে।
চলতি বছরের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯৩২ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৮৫৯ জন আহত হয়েছেন বলে গাজার মিডিয়া অফিস জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের যুদ্ধবিরতিহীন সংঘাতে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু—ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী।