বিশ্বকাপে পাকিস্তান-অস্ট্রেলিয়ার স্মরণীয় ৫ ম্যাচ

বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ বারের দেখায় চারটিতে জিতেছে পাকিস্তান আর ছয়টি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মতো এখন পর্যন্ত খেলা সব ওয়ানডে মিলিয়েও জয়ের দিক দিয়ে এগিয়ে আছে অজিরা। দুদলের মধ্যকার ১০৭ ওয়ানডের মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৬৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ৩৪টিতে। টাই হয়েছে একটি, বাকি তিন ম্যাচ পরিত্যক্ত। মজার ব্যাপার হলো, ওয়ানডেতে এই দু’দল সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল বিশ্বকাপেই। ১৯৭৫ বিশ্বকাপে লিডসে প্রথম দেখায় অস্ট্রেলিয়া জিতেছিল ৭৩ রানে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের আলোচিত পাঁচ ম্যাচ কেমন ছিল তাই দেখে নেওয়া যাক।

লাহোর, ১৯৮৭ : ১৯৮৭ সালে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। ডেভিড বুন খেলেছিলেন ৬৫ রানের ইনিংস। পরে অজি পেসার ক্রেগ ম্যাকডারমটের বোলিং তোপে ১৮ রানে ম্যাচ জিতে ফাইনালে যায় অস্ট্রেলিয়া। ৪৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

লিডস, ১৯৯৯ : ১৯৯৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে দেখা হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে পাকিস্তান তুলেছিল ৮ উইকেটে ২৭৫ রান। ইনজামাম-উল-হক খেলেছিলেন ৮১ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম ও স্পিনার সাকলাইন মুশতাকের নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিরা অল আউট হয় ২৬৫ রানে। ওয়াসিম ৪০ রানে ৪ ও সাকলাইন ৫১ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

লর্ডস, ১৯৯৯ : ফাইনালে কিন্তু সহজ জয়ই পায় অস্ট্রেলিয়া। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন ৩৩ রানে ৪ উইকেট ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১৩ রানে ২ উইকেট নিয়ে মাত্র ১৩২ রানে বেঁধে ফেলেন পাকিস্তানকে। জবাব দিতে নেমে মাত্র ২০.১ ওভার খেলে ৮ উইকেটের সহজ জয় পায় অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেতে তারা।

জোহানেসবার্গ, ২০০৩ : ২০০৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেস অ্যাটাকে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। ৮৬ রানে ৪ উইকেট হারায়। দলীয় ১৪৫ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। কিন্তু অ্যান্ড্রু সায়মন্ডসের ১২৫ বলে অপরাজিত ১৪৩ রানের ইনিংসে ৮ উইকেটে ৩১০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২২৮ রানে অল আউট হয় পাকিস্তান। ২০০৩ বিশ্বকাপও জেতে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেড, ২০১৫ : সবশেষ ২০১৫ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সুপার এইটের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল অজিরা। তবে ম্যাচের আলোচিত বিষয় ছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসনকে করা পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের বোলিং স্পেলটি। দারুণ গতি, সুইং ও বাউন্স ছিল ওয়াহাবের বোলিংয়ে। তবে শেষ পর্যন্ত ওয়াটসনের অপরাজিত ৬৪ রানে ভর করে সহজ জয়ে সেমিফাইনালে যায় অস্ট্রেলিয়া। ২০১৫-তে রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।