সন্তানকে আটকে রেখে হাতুড়ি দিয়ে গৃহবধূকে হত্যা

বগুড়ায় সন্তানকে আটকে রেখে তাসলিমা আকতার (২২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিজ বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাসলিমা আকতার ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় কাজিম আলী নামে তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে। রাত পৌনে ১২টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের ধারণা, নিজেদের পরিচিত কেউ এঘটনার সাথে জড়িত রয়েছে।

রাতে নিহত গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম বলেন, আমি ১নং রেল ঘুমটির পাশের মার্কেটে ব্যবসা করি। রাত সাড়ে ৮টার দিকে বাসায় আসি। বাসায় এসে মোটর সাইকেলের হর্ন বাজাই। কিন্তু বাড়ি থেকে কোন সাড়া শব্দ না পেয়ে বাইরে গেইটের লক খুলে ভিতরে ঢুকি। ঢুকে দেখি আমার স্ত্রী তাসলিমার রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে রুমে আটকে রাখা আমার তিন বছরের ছেলে কাজিমকে বের করলে দৌড়ে কান্নারত অবস্থায় সে বলে আমার মা তো গেছে। তখন পুরো বাসায় কোন আলো ছিল না, মানে অন্ধকার ছিল।

এবিষয়ে নিহতের ননদ মল্লিকা আকতার বলেন, আমার ননদের সাথে কারও কোন শত্রুতা ছিল না। আমার ভাবীর মোবাইল বাসায় নেই। আমাদের সন্দেহ হচ্ছে পরিচিত কেউ আমার ভাইয়ের স্ত্রীকে হত্যা করেছে। বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিন আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, নিহত গৃহবধূর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তিন বছরের সন্তানকে মাথায় আঘাত করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে বলেও জানান তিনি।