ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমা হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এসব বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী ও মসজিদের সাধারণ মুসল্লিরা। গাজায় দুই সপ্তাহ ধরে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ১ হাজার ৫২৫ শিশু ও সহস্রাধিক নারীসহ ৩ হাজার ৭৮৫ বেসামরিক লোক নিহত হয়েছে। বিক্ষোভ থেকে ইসরায়েলের এ গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া মসজিদগুলোতে ফিলিস্তিনিদের জন্য দোয়া হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
বরিশাল : জুমার নামাজের পর সদর রোডের বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে খেলাফত মজলিস মহানগর ও জেলা শাখা। মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পূর্ব জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, পশ্চিম জেলা সভাপতি সাইদুর রহমান শাহিন, আবদুল মজিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী নির্বিচারে বোমাবর্ষণ করে গণহত্যা চালাচ্ছে। এ গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তারা।
নীলফামারী : নীলফামারী জেলার সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার প্রতিটি মসজিদে জুমার পর মুসল্লিরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এ ছাড়া ফিলিস্তিনে নিহতদের জন্য দোয়া করা হয়েছে।
এদিন ইমান আকিদা সংরক্ষণ জেলা কমিটির আয়োজনে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও বাজার মোড়ে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন জেলা শহরের বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরানী, কোট মসজিদের ইমাম মুফতি মো. একরামুল হক, বড়বাজার মসজিদের ইমাম মুফতি মো. হাবিবুল্লাহ, উকিলের মোড় জামে মসজিদের ইমাম নাজমুল হুদা, শাহীপাড়া জামে মসজিদের ইমাম আবু মুছা আনসারী প্রমুখ।
বাগেরহাট : জেলা শহরের কেন্দ্রীয় পুরাতন কোর্ট জামে মসজিদসহ জেলার সব মসজিদে জুমার পর ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। বিভিন্ন মসজিদে নামাজের পর রাস্তায় নেমে এসে মুসল্লিরা বিক্ষোভ করেন। এ সময় তারা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতালে বোমা হামলা চালিয়ে প্রায় ৫০০ মানুষকে হত্যা করেছে। আমেরিকাসহ পশ্চিমা বিশ^ আজ নীরব। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দূর থেকে প্রতিবাদ জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। অবিলম্বে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান তারা।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের গজারিয়ায় ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ও তৌহিদী মুসলিম জনতার ব্যানারে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। জুমার পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে সাধারণ মুসল্লিরা উপজেলার ভবেরচর কলিম উল্লাহ কলেজ মাঠে একত্রিত হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি আলী হায়দার, মাওলানা মুক্তার হোসেন মিয়াজী, মাওলানা আবদুল আলিম, মাওলানা আল আমিন সরকার, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এ অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। ইসরায়েলকে যারা সমর্থন করছে তারা মুসলিম বিশ্বের শত্রু। ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ভূখন্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।