ভালো কলা চেনার উপায়

কলার উপকারিতা অনেক। কমবেশি আমরা সকলেই কলা খেয়ে থাকি। কিন্তু বাজারে গিয়ে কীরকম কলা কিনবেন জানেন না অনেকেই। বেশিরভাগ সময় আমরা কিন্তু কলা কিনতে গিয়ে ঠকে যাই। তাই কলা কেনার আগে এই কয়েকটি জিনিস অবশ্যই দেখে নিতে হবে। নাহলে ঠকেই যাবেন সবসময়।

কলা সব সময় রং দেখে কিনুন। কলার রং যেন একেবারে হলুদ হয়। কলাতে কোনো কালো দাগ থাকলে একদম কিনবেন না। কারণ বাড়িতে আনতে না আনতেই নষ্ট হয়ে যাবে। আর এমন কলাই কিন্তু দোকানদাররা বেশি কিনতে বলেন। কারণ তারাও জানেন এই কলা কিছুক্ষণ পরেই নষ্ট হতে শুরু করবে। তাই আগেই সেগুলো বেচতে চান।

আপনার পরিবার যদি বড় হয় এবং সবার জন্য কলা নিতে চাইলে একসঙ্গে অনেকগুলো কিনুন। না হলে যতটা আপনার দরকার ততটাই কিনুন। পাকা কলা কিন্তু খুব বেশি হলে দিন তিনেক ভালো থাকে। তাই বেশি কিনলেই টাকা নষ্ট।

কলা একটু বড় এবং একসঙ্গে যাতে অনেকগুলো থাকে এমন দেখে কিনুন। ছোট কলা কিন্তু ভেতর থেকে কাঁচা হতে পারে। আর সেই কলা খেলে হতে পারে পেটের অসুখ। তাই বড় কলা কিনুন।

কলায় যদি সবুজে ভাব দেখেন তাহলে বুঝবেন সেই কলা কিন্তু ভেতর থেকে কাঁচা। কিন্তু আপনি যদি এই কলা দিন সাতেক রেখে খেতে চান তবে নিতে পারেন। কিন্তু কেনার সঙ্গে সঙ্গে খেতে পারবেন না এই কলা। এগুলো রেখে খান। বাড়িতেই পেকে যাবে। সাত দিন পর্যন্ত নষ্ট হবে না। আর সব সময় প্রয়োজন বুঝে কলা কিনুন। দুই দিনের বেশি পাকা কলা কিন্তু ভালো থাকে না। তাই দোকানদার জোর করে দিলে বা সস্তায় পাচ্ছেন বলে বেশি কিনবেন না। এতে লাভের থেকে লোকসান বেশি হবে।