কবি আসাদ চৌধুরী স্মরণসভা ও কবিতা সন্ধ্যা আয়োজন করল সাংস্কৃতিক সংগঠন ‘বইবাড়ি’। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই স্মরণসভা ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। অংশ নেন আবৃত্তিশিল্পী মীর বরকত, নাজমুল আহসান, সিদ্দীকুর রহমান পারভেজ, মাসুদুজ্জামান, আজিজুল বাশার, লায়লা আক্তার, পলি পারভীন, রশিদ কামাল, মাহিনুর মুমু। কবি আসাদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণা ও কবিতা আবৃত্তি করেন কবি আলফ্রেড খোকন, কবি গোলাম মোস্তফা, কবি নাহিদা আশরাফী, কবি সাফিয়া খন্দকার রেখা।
প্রধান অতিথি স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম বলেন, কবি আসাদ চৌধুরী ছিলেন অমায়িক, মৃদুভাষী সজ্জন মানুষ। তার সঙ্গে সবসময় থাকত পানের সরঞ্জাম। সে ছিল ভিন্ন প্রশাসন এবং তা পানের। অতিথিরা আশা প্রকাশ করেন গবেষণা ও নিবিড় আলোচনার মাধ্যমে কবি আসাদ চৌধুরীর কবিতার বিভিন্ন দিক উন্মোচিত হবে।
শেষে বইবাড়ির সভাপতি ও শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান কবি আসাদ চৌধুরীকে নিয়ে স্বরচিত কবিতা ‘না পাখি না বাউল-কবি আসাদ চৌধুরী’ আবৃত্তি করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামীম আরা মুন্নী।