বিএনপি নেতাদের দিয়ে বস্ত্র বিতরণ করায় মারধর

নারায়ণগঞ্জের বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতাদের দাওয়াত করে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করায় হামলার শিকার হয়েছেন পূজামণ্ডপের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শিবু চন্দ্র দাস (৫৫)। গত শনিবার রাতে বন্দর থানার ১ নম্বর খেয়াঘাট ময়মনসিংহপট্টি এলাকায় হামলার এই ঘটনা ঘটে। আহত অবস্থায় শিবু চন্দ্র দাসকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিবু চন্দ্র দাস জানান, দুর্গাপূজা উপলক্ষে শনিবার বিকেলে বন্দরের র‌্যালি লেজারার্স পূজামণ্ডপে তার সভাপতিত্বে মহানগর বিএনপির পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠান শেষে বিএনপি নেতারা চলে গেলে ‘মন্দিরে বিএনপি নেতাদের এনে কাজ ঠিক করেননি’ বলে তাকে শাসান এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত সুজন।

শিবু চন্দ্র দাস বলেন, ‘হুমকি পাওয়ার পর কিছুক্ষণ আমি মন্দিরেই বসে ছিলাম। মাগরিবের আজানের পর মন্দির থেকে বেরিয়ে ১০০ গজ যেতেই ৭-৮ জনের একটি দল ধারালো ছুরি আর লাঠি হাতে আমার ওপর হামলা করে। ছুরির আঘাতে আমার বাঁ হাতের আঙুল ও পা কেটে গেছে। মন্দিরেই পুলিশ ছিল। খবর পেয়ে তারা আহত অবস্থায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাকে ৬টায় হুমকি দিল আর ৭টার কিছুক্ষণ আগে হামলার শিকার হলাম। বিএনপির অনেকেই প্রোগ্রামে ছিল, কিন্তু শুধু আমার ওপর হামলা করেছে। কারণ আমি হিন্দু, আমি দুর্বল, তার ওপর বিএনপি করি।’

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সন্ত্রাসী হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সংঘর্ষ এড়ানোর জন্য র‌্যালি লেজারার্স পূজামণ্ডপে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শিবু চন্দ্র দাসের ওপর হামলার নিন্দা জানিয়ে মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে আমরা চলে আসি। এরপরই সরকারদলীয় লোকরা শিবু দাসের ওপর হামলা করে। আমরা এই হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাই।’ এ ব্যাপারে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’