আইজিপি বললেন

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারা দেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।

তিনি গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছাবিনিময়কালে এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতকারী যেন কোনো সুযোগে বিশেষ করে শেষ রাতে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানান তিনি। বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে দুর্গোৎসব শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরে আইজিপি স্বামীবাগের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।