অষ্টমীতে নতুন বাইক, নবমীর ভোরে বাড়িতে আসল দুই ভাইয়ের মরদেহ!

অষ্টমীতে কিনেছিলেন নতুন বাইক। আর তাতে চড়ে রাতেই পূজা দেখতে বের হয়েছিলেন দুইভাই। সারা রাত মণ্ডপে মণ্ডপে ঘোরার পর নবমীর ভোরে ঘনিয়ে এল মৃত্যু। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনেরই। এমনটাই ঘটেছে ভারতের পুরাতন মালদহ থানার মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। নিহত ওই দুই ভাই হলেন— অভিষেক হালদার (২৭) এবং সুজন হালদার (২২)। তারা হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা।

নিহতদের সূত্রে জানা গেছে, অষ্টমীর রাতেই নতুন বাইক এসেছিল বাড়িতে। তা নিয়ে মামাতো ভাই সুজনের সঙ্গে রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিষেক। মালদহ শহরে সারা রাত তারা ঠাকুর দেখেন। সকালে ফেরার কথা ছিল বাড়িতে।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুই ভাই বাইক নিয়ে মালদহের দিক থেকে হবিবপুরে ফিরছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় সুজন। অভিষেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মাথায় হেলমেট ছিল না বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

দুর্ঘটনার প্রসঙ্গে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তদন্ত করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।’