বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়

ইরানের ‘হামুন’ আঘাত করবে বুধবার

ইরানের ‘হামুন’ আঘাত করবে দেশের দক্ষিণাঞ্চলে। হামুন শব্দের অর্থ মরুভূমির লেক। ইরান, আফগানিস্থান ও পাকিস্তানের সীমান্তবর্তী একটি লেক রয়েছে যার নাম হলো হামুন। ইরানের দেয়া হামুন নামের ঝড়টি গতকাল সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঝড়টি বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ও বরিশাল উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত করতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তে চার নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে আজ সোমবার দুপুরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ রাত আটটায় ঘূর্ণিঝড়ে রূপ নেয়। সাত নম্বর বিশেষ বুলেটিনের উপাত্ত অনুযায়ী ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে, মোংলা ও পায়রা থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্বদিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজ সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে এবং আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাতেই তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারেও বলা হয়েছিল। আর সেই পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলো।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন,‘এর প্রভাবে বৃষ্টি হবে। প্রাথমিকভাবে তা চট্টগ্রাম ও বরিশালের মধ্যবর্তী উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।’

এদিকে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে। আর সেজন্য সোমবার সকাল থেকেই বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি মাসে একটি ঘূর্ণিঝড়ে হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরেরর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল। বছরের এসময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে।