বেড়াতে যাও কিন্তু ‘ট্রেকিংয়ে’ না

ধর্মশালায় নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি ছিল ভারতের কাছে নিজেদের সামর্থ্য প্রমাণের পরীক্ষা। আর তাতে লেটার মার্কস পেয়ে উতড়েছে রোহিত শর্মার দল। আসরে পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ভারত। তাদের পরবর্তী অভিযান ইংলিশদের বিপক্ষে ২৯ অক্টোবর। লখনৌতে সেই ম্যাচের আগে বেশ লম্বা সময় হাতে পেয়েছে ‘ম্যান ইন ব্লুজ’রা।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি হিমাচল প্রদেশ। ধর্মশালা থেকে লখনৌ সফরের আগে দুদিনের আনুষ্ঠানিক ছুটি পেয়েছেন দলের সব খেলোয়াড়। ২৫ অক্টোবর তাদের লখনৌ’য় যাওয়ার কথা। আর এই সময় কাটাতে আশপাশের দৃষ্টিনন্দন পাহাড়ি জায়গাগুলো ঘুরে বেড়ানো সবচেয়ে উপযুক্ত উপায়। পাহাড় দেখলে স্বভাবতই মাথায় আসার কথা ট্রেকিং করার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে খেলোয়াড়দের এ ব্যাপাারে কড়া হুশিয়ারি জানানো হয়েছে। ট্রেকিংয়ের ওপরে স্রেফ নিষেধাজ্ঞা আরোপ করেছে বোর্ড। বোর্ডের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ‘ক্রিকেটাররা চাইলে যেকোনো জায়গায় বেড়াতে যেতে পারেন। কিন্তু ট্রেকিং একেবারেই মানা।’

মূলত বিশ্বকাপ মাথায় রেখেই খেলোয়াড়দের ব্যাপারে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। ইনজুরির পাশাপাশি ট্রেকিংয়ের সময় ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।