১২৯ বছর বয়সী আলজেরিয়ান নারীর ওমরাহ পালন

দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করে ১২৯ বছর বয়সী আলজেরিয়ান নারী সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার প্রতি বিনম্র কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন। সৌদি গণমাধ্যম আল আখবারিয়ার দাবি, সবচেয়ে বেশি বয়স্ক ওমরাহ পালনকারী নারী সারহুদা আকবর। আল আখবারিয়া জানিয়েছে, ১২৯ বছর বয়স হওয়া সত্ত্বেও তার স্বাস্থ্য বেশ ভালো এবং তিনি দুর্দান্ত স্মৃতিশক্তির অধিকারী।

সারহুদা আকবর ওমরাহ পালন শেষে মসজিদে হারামের দোতলায় দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন। পবিত্র কাবাকে কাছে থেকে দেখার আনন্দে তার চোখ অশ্রুতে ভরে যায়। আলজেরিয়ান ওই নারী বলেন, ২০১৯ সালে প্রথমবার ওমরাহর সময় আমি কাবা দেখে দ্বিতীয়বার ওমরাহর ইচ্ছা প্রকাশ করেছিলাম, কিন্তু আমি জানতাম না কীভাবে আমার এই ইচ্ছা পূরণ হবে। আমার কোনো উপায়-অবলম্বন ছিল না। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো।

২০১৯ সালে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ‘মাশাইর’ নামের একটি সিরিজ প্রতিবেদন চালু করে। যেখানে হজ ও ওমরাহ পালন করতে মক্কায় আসার সময় আল্লাহর অতিথিদের অনুভূতি এবং তাদের গল্পগুলো তুলে ধরা হয়। ওই সিরিজেও সারহুদা আকবরের কথা উঠে আসে, তিনি ওই বছর (২০১৯) প্রথমবারের মতো ওমরাহ পালনের স্বপ্ন পূরণ করেছিলেন।

সারহুদা আকবর ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন, বর্তমানে তার বয়স ১২৯। তাকে আলজেরিয়ার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তার পরিচয়পত্রের তথ্য অনুসারে, এই শতবর্ষী নারী ১৯৮৪ সালের ৬ জুলাই গুয়েলমাতে জন্মগ্রহণ করেন। তিনি অনেক ঘটনার সাক্ষী। যেমন আলজেরিয়ার ফরাসি উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আলজেরিয়ান যুদ্ধ।

হজ ও ওমরাহ-সংশ্লিষ্ট একটি সেবা সংস্থা সম্মান জানিয়ে সারহুদা আকবরের ওমরাহর ব্যবস্থা করেছে। সংস্থাটির দাবি, কয়েক বছর ধরে আমরা হজ ও ওমরাহ পালনকারীদের নানা বিষয় নিয়ে কাজ করছি। তখন নজরে আসে আপাতত সারহুদা আকবর বেশি বয়সী ওমরাহ পালনকারী। আমরা পুরনো কাগজপত্র নিয়ে তার সঙ্গে যোগাযোগ করি এবং তাকে পেয়ে বেশ আনন্দিত হই। পরে তাকে ওমরাহর কথা বললে তিনি রাজি হন এবং বলেন, আমার স্বপ্ন হজ পালন।

ওমরাহ পালনে সৌদি আরবে আসার পর তার সুচিকিৎসার জন্য সৌদি আরবের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তিনি হৃদয়ের অন্তস্তল থেকে দোয়া করেছেন। সারহুদা আকবর আরও বলেন, হজ পালন করা আমার স্বপ্ন। আমি নিশ্চিত, এই স্বপ্নও পূরণ হবে।