দেশে তিন মাসের ব্যবধানে বেকার জনগোষ্ঠী কমে ২৫ লাখে দাঁড়িয়েছে। তিন মাস আগেও বেকার জনগোষ্ঠীর পরিমাণ ছিল ২৫ লাখ ৯০ হাজার। অর্থাৎ তিন মাসের ব্যবধানে বেকার কমেছে ৯০ হাজার। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত শ্রমশক্তি জরিপের হালনাগাদ জরিপে এসব তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৫ লাখ। আগের প্রান্তিকে ছিল ২৫ লাখ ৯০ হাজার। বেকারত্বের হার ৩ দশমিক ৫১ শতাংশ থেকে কমে হয়েছে ৩ দশমিক ৪১ শতাংশ। শ্রমশক্তির পরিমাণ কমে যাওয়ায় বেকারত্বের হার কমেছে। এর মানে এই নয়, কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি হয়েছে।
এ ছাড়া দেশে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা কমেছে বলে উঠে এসেছে জরিপে। চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়কালে কর্মসংস্থানে থাকা মানুষের সংখ্যা ছিল ৭ কোটি ১১ লাখ। এপ্রিল থেকে জুন সময়কালে এ সংখ্যা নেমেছে ৭ কোটি ৭ লাখ ১০ হাজারে। তিন মাসে কর্মসংস্থান কমেছে ৩ লাখ ৯০ হাজার। গত বছরের তুলনায় কর্মসংস্থান কমেছে। ২০২২ সাল শেষে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা ছিল ৭ কোটি ৭ লাখ ৮০ হাজার।
কর্মসংস্থান সবচেয়ে বেশি কমেছে কৃষি খাতে। শিল্প খাতেও কিছুটা কমেছে। তবে সেবা খাতে বেড়েছে। শিল্প খাতে কমেছে প্রায় ১ লাখ। কৃষি খাতে কমেছে প্রায় ৮ লাখ। সেবা খাতে বেড়েছে প্রায় ৫ লাখ। অন্যদিকে পুরুষের চেয়ে নারীর কর্মসংস্থান কমেছে বেশি হারে। দ্বিতীয় প্রান্তিকে নারীর কর্মসংস্থান আগের প্রান্তিকের চেয়ে কমেছে ৩ লাখ ৭০ হাজার। পুরুষের কমেছে ২০ হাজার।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে শ্রমশক্তিতে মানুষের অংশগ্রহণের হার ছিল ৬১ দশমিক ৩৭ শতাংশ। পরের তিন মাসে তা কমে ৬০ দশমিক ৭৪ শতাংশ হয়েছে। পুরুষের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৮০ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে নারীর অংশগ্রহণ ৪১ দশমিক শূন্য ৬ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে পুরুষ ও নারীর হার ছিল যথাক্রমে ৮১ দশমিক ১৭ শতাংশ এবং ৪১ দশমিক ৯৫ শতাংশ।