চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধু মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ঝিনাই নদী থেকে মধু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার অটোরিকশা চালাতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহত মধু মিয়া ওই ইউনিয়নের হাসরা মাজালিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

ডোয়াইল ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক স্বপন জানান, মধু মিয়া সোমবার বিকাল ৩টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমার ইউনিয়নে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারী চক্র যাত্রী সেজে মধু মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে যেতে পারে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর খান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’