র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

অনলাইনে জুয়ার সাইট পরিচালনায় বিশ্ববিদ্যালয় ছাত্র

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে একটি অনলাইন সাইটে জুয়া পরিচালনাকারী মূল হোতা নিশাত মুন্নাকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাবের গোয়েন্দা শাখা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে র‌্যাব-১ ও র‌্যাব-১১ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গতকাল র‌্যাব-১ এর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আটক তিন সহযোগী হলো কামরুল ইসলাম (২৭), সুমন মিয়া (৩৫) ও নাজমুল হোসেন বাবু (৩২)।

র‌্যাব জানায়, মূল হোতা নিশাত মুন্না শ্রীপুর শহরের আবদুল মান্নানের ছেলে। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র। সে ফেসবুক ও ইউটিউব চ্যানেল খুলে রোস্টিং ও বিতর্কিত ভিডিও তৈরি করে প্রচার করত। বেটিং সাইটের প্রচারের জন্যও সে ভিডিও কনটেন্ট তৈরি করত। প্রতিটি ভিডিওতে বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারের জন্য ১০ হাজার টাকা করে নিত।