চট্টগ্রামের চন্দনাইশে গলাকাটা অবস্থায় ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে উপজেলার বরকল মৌলভীবাজারের সোনালী ব্যাংকের সামনের সড়ক থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফয়সালের বাড়ি সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়। তিনি সুপারি ব্যবসায়ী।
পুলিশ জানায়, সোমবার রাতে পাঁচ-ছয়জন দুষ্কৃতকারী ফয়সালকে খাতুনগঞ্জ থেকে মাইক্রোবাসে তুলে অজ্ঞান করে আনোয়ারা হয়ে বরকল নিয়ে আসে। গাড়ির মধ্যে তার সঙ্গে থাকা প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নিতে দুষ্কৃতকারীরা তার গলা ও শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে। গলার কিছু অংশ কেটে রক্ত বের হলে তারা গলাকাটা হয়েছে ভেবে তাকে রেখে পালিয়ে যায়।
চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, ‘দ্রুততম সময়ে চিকিৎসার ব্যবস্থা করায় ভুক্তভোগীর জীবন রক্ষা পায়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’