পরিকল্পনামন্ত্রী

আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলে না

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে সতর্কতার সঙ্গে সকলকে কাজ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত বুঝে-শুনে নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলবে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৫৮০জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ চায় জাতীয় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক। নানা ধরনের মার্কা নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখুক তাদের জনপ্রিয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারেকাছেও নেই। জনগণ প্রত্যাখান করবে। তাদের মার্কা চিনে কি না তখন তারা বুঝতে পারবে।

তিনি আরও বলেন, তবে জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ তাদের নিবন্ধন নেই। সেই সঙ্গে স্বেচ্ছায় যদি জাতীয় নির্বাচনে নিবন্ধিত দলগুলো আসতে চায় আসুক, আমরা বাঁধা দেব না। তবে আওয়ামী লীগ কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না। ভোটের দিন বহু মানুষ ভোট দেয় না। ৬০ থেকে ৭০ ভাগ মানুষ ভোট দেয় স্বাভাবিকভাবে। শতভাগ ভোট হয় না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যদি বিএনপি মহাসমাবেশের নামে আইনলঙ্ঘন করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।