২৮ অক্টোবর ঘিরে ঢাকার প্রবেশ পথে র‌্যাবের চেকপোস্ট

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী হামলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঢাকার প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় র‌্যাবের চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

খন্দকার আল মঈন বলেন, ‘এর আগেও বড় রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা শহরবাসীকে নিরাপত্তা দিয়েছি। ওইসব সমাবেশে নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবর বেশ কয়েকটি দল সমাবেশের অনুমতি চেয়েছে। এ সমাবেশ করার অনুমতি দেওয়ার এখতিয়ার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। তারা বিষয়টি দেখবেন। র‌্যাবের মূল ম্যানডেট জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করা। এর জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। সাইবার ওয়ার্ল্ডেও আমরা নজরদারি করছি।’