আর মাত্র একদিন পরেই (২৮ অক্টোবর) উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করার কথা রয়েছে। টানেল উদ্বোধন ঘিরে ব্যাপক নিরাপত্তা ছক তৈরি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নগরের কিছু কিছু সড়কে যানবাহন চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সিএমপির পক্ষ থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ সি-বিচ এলাকায় প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে শনিবার (২৮ অক্টোবর) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোনো যানবাহন সি-বিচ বা বিমানবন্দর এলাকায় যেতে পারবে না। বিমানবন্দরগামী সকলকে সিমেন্ট ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করতে বলা হয়েছে। বিমানবন্দর মোড় ক্রস করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি-বিচ এলাকায় যাওয়া যাবে না। ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সর্বসাধারণের সুবিধার্থে বন্দরগামী যানবাহন আউটার লিংক রোড পরিহার করে সিটি গেইট- একে খান-সাগরিকা রোড ক্রসিং-বড়পুল-নিমতলা হয়ে চলাচল করবে।