সাকিবের ঢাকা সফরে ‘পূর্ণ সমর্থন’ তাসকিনের

বিশ্বকাপ আসরের মাঝখানেই হঠাৎ করে ঢাকায় আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দুদিন অনুশীলন করে ফেরেন কলকাতায়। এই ঘটনায় ভক্ত-সমর্থক মহলে বিপরীত কানাঘুষা চললেও এতে খারাপ কিছু দেখছেন না তাসকিন আহমেদ। বাংলাদেশ পেসার বরং ‘পূর্ণ সমর্থন’ করলেন নিজের অধিনায়ককে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কলকাতায় এই কথা বলেন তিনি। বলেছেন, ‘আমি মনে করি না এটা দলের মধ্যে কোন প্রভাব ফেলেছে। উনি ফেরার পর আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। তিনি ঢাকা ফিরেছিলেন নিজের কিছু কিছু জায়গায় উন্নতি করতে। তিনি আসলে প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারছেন না। এ কারণেই ব্যাটিং বিশেষ কিছু কাজ করতে উনি গিয়েছিলেন। যেটা আমরা সতীর্থরা অবশ্যই সমর্থন করি। কারণ উনি ম্যানেজমেন্ট ও বিসিবি'র সঙ্গে কথা বলেই গেছেন। তাছাড়া পরশু রেস্ট ডে ছিল। কাল (পরশু) যখন অফিসিয়াল ট্রেনিং করেছি এখানে ততক্ষণে তিনি কিন্তু চলে এসেছেন। আমাদের কোন সমস্যা হয়নি উনি না থাকায়।

ভারতের সবচেয়ে পুরোনো স্টেডিয়াম ইডেন গার্ডেনস নেদারল্যান্ডসের বিপক্ষে কাল (শনিবার) খেলতে নামা প্রসঙ্গে তাসকিন আরো বলেন, ‘এখানে বিশ্বকাপের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। সুতরাং উইকেট সম্পর্কে সেভাবে ধারণা নেই। তবে আশা করবো একটা স্পোর্টিং উইকেটই পাওয়া যাবে। ২০১৬ তে দেখেছি এটা অনেক ভালো ব্যাটিং ট্র্যাক ছিল। আউটফিল্ডও অনেক ফাস্ট ছিল। আশা করছি এই উইকেট থেকে বোলিং-ব্যাটিং দুই বিভাগই খানিকটা সহায়তা পাবে।‘

দাওয়াই নিয়ে ফেরা সাকিবের সঙ্গে তাসকিনরা জ্বলে উঠে দলকে জয়ের পথে ফেরানোই এখন বাংলাদেশের লক্ষ্য।