রাজধানীতে ২ হাজার আনসার মোতায়েন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল ২৮ অক্টোবর দুই দলের সমাবেশ উপলক্ষে আনসার বাহিনীর ২ হাজার সদস্য রাজধানীতে মোতায়ন করা হয়েছে।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা ২ এর উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই হাজার সদস্য সকাল ৮ টা থেকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে প্রস্তুত থাকবে। তারা আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর পুলিশকে সহায়তা করবে।

এদিকে আনসার আর জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মোতায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রস্তুত আছেন।