শিশুকে যৌন নিপীড়নের মামলা নিতে বিলম্ব

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় দুদিন পর মামলা নিয়েছেন ওসি। গত শুক্রবার রাত ১০টার দিকে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার মামলাটি নিয়েছেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও থানা-পুলিশের বিরুদ্ধে মামলা নিতে অনীহার অভিযোগ তুলে পরিবার। ঘটনার পর থেকে নিপীড়নকারী আবদুল আলিম মোল্লা (৪৫) পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় কেক কিনে দেওয়ার প্রলোভনে শিশুটিকে গোপীনাথপুর নতুনপাড়া গ্রামের কফিল মোল্লার ছেলে আব্দুল আলিম মোল্লা নৌকায় তুলে বিলের মধ্যে একটি নির্জন কাঠবাগানে নিয়ে যৌন নিপীড়ন করে।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি অসুস্থ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। এরপর শিশুটির পরিবারের কেউ আর থানায় যোগাযোগ করেনি।