রাজধানীর উত্তরায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক সিফাত (২৪)।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেলের আরোহী মো. মাসুম জানান, তিনি বিমানবন্দর থেকে মোটরসাইকেলটিতে করে সাভার যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সিফাত। উত্তরা ১৫ নম্বর সেক্টর মেট্রোরেল স্টেশনের পাশের রাস্তায় অজ্ঞাতনামা ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। তখন মোটরসাইকেলটির সাথে ধাক্কা লাগে তার। এতে মোটরসাইকেলসহ তারাও রাস্তায় ছিটকে পড়েন।
পরে সিফাত ও পথচারী ওই যুবকে তিনি নিজে উত্তরা লুবানা হাসপাতালে নিয়ে যান। সিফাতকে ওই হাসপাতালে রেখে ওই যুবকককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।