মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। গতকাল রবিবার (২৯ অক্টোবর) দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার। এর আগে খনি কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জন নিহত এবং আরো ২৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কারাগান্ড শহরের আর্সেলরমিত্তাল তামিরতাউ কোম্পানির কোস্টেনকো কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিন কাজাখ সরকার খনি দুর্ঘটনায় হতাহতদের জন্য জাতীয় শোক দিবস পালন করে।
অগ্নিকাণ্ডের সময় খনিতে ২৫২ জন কাজ করছিল। সেখানে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই ২০০ জনেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। তবে কিছুদিন আগেই দেশটির প্রেসিডেন্ট ওই ইস্পাত কোম্পানিতে বিনিয়োগ বন্ধের নির্দেশ দেন। তিনি এই কোম্পানিকে জাতীয়করণ করতে চান বলে জানা গেছে। এমনকি দেশটির বৃহত্তম এই ইস্পাত মিল পরিচালনাকারী সংস্থাটিকে জাতীয়করণের জন্য একটি চুক্তিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে কাজাখ সরকার।
তবে আর্সেলরমিত্তল পরিচালিত খনিতে আগুন এই প্রথমবার নয়। গত দুই মাসে দ্বিতীয়বারের মতো এ ধরনের দুর্ঘটনা ঘটল খনিটিতে। এর আগে গত আগস্টে এই কোম্পানির একটি খনিতে অগ্নিকাণ্ডে চার শ্রমিকের মৃত্যু হয়।