পাকিস্তানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে আমেরিকা-বিরোধী স্লোগান

পাকিস্তানের ইসলামাবাদে গাজায় ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামাত-ই-ইসলামি। দলটির হাজার হাজার সমর্থক বিক্ষোভে অংশ নেয় এবং তারা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয়। এ সময় যুক্তরাষ্ট্রকে ‘আগ্রাসনের সমর্থক’ বলে আখ্যা দেওয়া হয়।

জামাত-ই-ইসলামি ইসলামাবাদের আবপারা মোড় থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিল। ওই দূতাবাস উঁচু নিরাপত্তাসম্পন্ন কূটনৈতিক এলাকায় অবস্থিত। তবে কর্তৃপক্ষের কড়া পদক্ষেপে দলটি তাদের কর্মসূচি পরিবর্তন করে এবং ওই এলাকা থেকে বেশ দূরে একটি প্রধান সড়কে সমাবেশ করে।

ভয়েজ অব আমেরিকা জানিয়েছে, পুলিশ শনিবার রাতে দলটির অস্থায়ী শিবির ভেঙে দেয়। দলের স্থানীয় নেতা এবং সমর্থকদের আটক করে। যদিও জামাত-ই-ইসলামির সমর্থকরা কয়েক কিলোমিটার হেঁটে নির্ধারিত ভেন্যুতে পৌঁছায়। তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিরোধী ব্যানার ও পোস্টার বহন করে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায়।