গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ট্রেড ইউনিয়নের বিক্ষোভ

গাজায় বর্বর ইসরায়েলীদের দ্বারা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটি।

আজ মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচীতে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও শিশু সংগঠক অধ্যাপক ডাক্তার এ কিউ এম সিরাজুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে টিইউসি পাহাড়তলী আঞ্চলিক কমিটি, বায়েজিদ, পাঁচলাইশ, চকবাজার ও চাঁন্দগাঁও আঞ্চলিক কমিটি, হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরের্টাস শ্রমিক ইউনিয়ন, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, চট্টগ্রাম, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়ন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন।