ইংল্যান্ডের বিপক্ষে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ২২৯ রানে। সেই রানটাও টপকাতে পারেনি ইংলিশরা। মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহদের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় তারা। প্রমাণ হয় ভারতীয় ব্যাটসম্যানদের মতো বোলাররাও আছেন দুর্দান্ত ছন্দে। দেখে যেন মনে হয় কোনো দুর্বলতা নেই তাদের।
কিন্তু পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল–হক বলছেন অন্য কথা। দুর্দম্য ভারত দলের একটি দুর্বলতা খুঁজে পেয়েছেন তারা। সেটা হলো শ্রেয়াস আইয়্যারের এখনো জ্বলে উঠতে না পারা। এটাকেই ভারত দলের একমাত্র দুর্বলতা মনে করেন আকরাম-মিসবাহ।
এই বিশ্বকাপে ভারতের খেলা ৬টি ম্যাচেই ব্যাট করেছেন আইয়ার। চার নম্বরে ব্যাটিং করে ৩৩.৫ গড়ে করেছেন ১৩৪ রান। ৬ ম্যাচে তাঁর ছিল এ রকম—০, ২৫, ৫৩, ১৯, ৩৩ ও ৪।
মিসবাহ পাকিস্তানের টেলিভিশন ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে বলেছেন, ‘ফিট হয়ে উঠলে হার্দিক ফিরবে। প্রথম দিন থেকেই আমার মনে হয়েছে লোকেশ রাহুলের ৫ নম্বরে ব্যাট করতে নামাটা তার জন্য একটু দেরিতেই ক্রিজে আসা হয়ে যাচ্ছে। তার ৪ নম্বরে ব্যাট করা উচিত। হার্দিক ফিরলে সূর্যকুমার যাদব ৬ নম্বরে ও জাদেজা ৭ নম্বরে ব্যাট করবে। তাহলে তার (আইয়ার) একাদশে থাকাটা কঠিনই হবে।’
মিসবাহ যোগ করেন, ‘সে (আইয়ার) রান করেছে। সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করেছে, যেটাকে অনেক উঁচুভাবেই দেখা হয়। কিন্তু সব মিলিয়ে ফাস্ট বোলিংয়ের বিপক্ষে তার গড় ১৯ থেকে ২০-এর মধ্যে। শর্ট বলে তো তাকে খুঁজেই পাওয়া যায় না। আপনার দুর্বলতা যখন প্রকাশ পেয়ে যাবে, সব দলই সুবিধাটা কাজে লাগাবে।’
ওয়াসিম আকরাম বলেছেন, ‘তাকে পারফর্ম করতে হবে। কারণ, ইশান কিষান বসে আছে এবং সে বাঁহাতি। এশিয়া কাপের প্রথম ম্যাচে তার খেলাটা মনে করুন। সে আর হার্দিক পান্ডিয়া একটা জুটি গড়েছে। সে মিডল অর্ডারে ব্যাট করতে পারে।’