আবারো মোবাইল ও ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের বৃহত্তম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি প্যালেস্টাইন টেলিকমিউনিমেকশন কোম্পানি (প্যালটেল)।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। খবর আল জাজিরা ও বিবিসি।
বিবৃতিতে প্যালটেল জানায়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাজা এখন ইন্টারনেট ও মোবাইল কমিউমিকেশন নেটওয়ার্ক থেকে আবারও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায়প্রায় সব কোম্পানির মোবাইল ও ইন্টারনেট সংযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গিয়েছে অনেক আগেই । এতদিন একমাত্র টিকে ছিল প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবা।
ইসরায়েলি বাহিনীর মঙ্গলবারের স্থল অভিযানে প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবাও ধ্বংস হয়ে গেছে।
স্থগিত অভিযানের আগে গাজায় যেন কোনোভাবেই ইন্টারনেট, মুঠোফোন নেটওয়ার্কের সংযোগ না থাকে, তা নিশ্চিত করেছে ইসরায়েল। ফলে অমানবিক আগ্রাসনের নির্যাতনে দিন কাটানো ২০ লাখের বেশি ফিলিস্তিনিরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেননি।