খুলল রাফাহ সীমান্ত, গাজা ত্যাগ করছে বিদেশি নাগরিকরা

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মানুষ পারাপারের জন্য বন্ধ ছিল মিসর ও গাজার মধ্যবর্তী সীমান্ত রাফাহ ক্রসিং।

গত সপ্তাহ থেকে শুধুমাত্র ত্রাণবাহী গাড়ি প্রবেশের অনুমতি দেয়া হলেও মানুষ পারাপারের কোন অনুমতি ছিল না সীমান্তটি দিয়ে। অবশেষে কাতারের মধ্যস্থতায় বিদেশি পাসপোর্টধারী নাগরিকদের জন্যও খুলে দেয়া হয়েছে সীমান্তটি।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, রাফাহ ক্রসিং খুলে দেয়ায় গাজায় আটকে পড়া বিদেশী পাসপোর্টধারীরা ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো গাজা ত্যাগ করতে শুরু করেছে। প্রায় ৪০০ বিদেশি এবং দ্বৈত নাগরিক আজ বুধবার গাজা ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে।

বিদেশি এবং দ্বৈত নাগরিক ছাড়াও আহত ফিলিস্তিনি ও এই সীমান্ত দিয়ে মিসরে চিকিৎসার জন্য যেতে পারবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

বলা হয়, প্রায় ৯০ জন অসুস্থ এবং আহত ফিলিস্তিনিদের নিয়ে অ্যাম্বুলেন্সগুলি সীমান্তের মিসরীয় দিকে অপেক্ষা করছে, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মিসরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে যে, মিসর সীমান্তে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মিসর, ইসরায়েল ও হামাসের সাথে এক চুক্তিতে পৌঁছে কাতার। এই চুক্তির মাধ্যমে কিছু গুরুতর আহত ব্যক্তি এবং কিছু বিদেশি পাসপোর্টধারী গাজা স্ট্রিপের বাইরে যেতে পারবে বলা হয়।