আইসিসির সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ছয় মাস বিশ্রামের নামে জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপ দিয়ে লাল-সবুজ জার্সি গায়ে তোলেন রিয়াদ। এই আসরে তিনি ছাড়া ব্যাট হাতে আর কেউ দ্যুতি ছড়াতে পারছেন না। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির পর পাকিস্তানের বিপক্ষে তার ৫৬ রানের ইনিংস দলের সর্বোচ্চ।
এমন ধারাবাহিক নৈপূণ্যে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ এখন ৪৯তম অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৫৪৬। এছাড়া একই সমান রেটিং নিয়ে ৪৮তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। রান খরায় ভোগা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আছেন ৪৬তম পজিশনে।
এর সঙ্গে র্যাংকিংয়ে পিছিয়ে যাওয়ার তালিকাটাও দীর্ঘ। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম চার ধাপ পিছিয়ে ৩১তম পজিশনে নেমে গেছেন। নাজমুল হোসেন শান্ত দুই ধাপ পিছিয়ে আছেন ৭৮তম অবস্থানে। বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবাল দুই ধাপ পিছিয়ে এখন ৫৪ তে আছেন।