চলন্ত ট্রেনের শব্দ শুনতে না পেয়ে কাটা পড়লেন তিনি

বগুড়ার আদমদীঘির ট্রেনে কাটা পড়ে গোবিন্দ ঘোষ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সান্তাহার রেলওয়ে থানা এলাকার আক্কেলপুর কেওচা রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।

নিহত গোবিন্দ নওগাঁর বদলগাছীর সাগরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, ওই ব্যক্তি কানে কম শুনতেন। এ কারণে চলন্ত ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গোবিন্দ ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওই রেললাইন পার হচ্ছিলেন। সে সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ‘নিহত গোবিন্দ কানে কম শুনতেন বলে জেনেছি। এ কারণে ট্রেনের শব্দ বা হর্ন সে শুনতে পায়নি। ট্রেনের সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’