নাটোরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ 

নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশিক ও জাহিদ নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাস টার্মিনালে ৯নং পৌর কাউন্সিলর রানা ও কোয়েল গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকে টার্মিনাল এলাকায় জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াসহ পৌর কাউন্সিলর রানা ও কোয়েল একই সাথে অবস্থান করছিল। হঠাৎ করেই কোয়েল গ্রুপ ও রানা গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে রানা গ্রুপের অন্তত ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন রানা ও কোয়েল আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগের বা কোন সহযোগী সংগঠনের কোন পদ পদবীতে নেই। তারা অনুপ্রবেশকারী হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।