সৃজিতের সঙ্গে লন্ডন গেলেন চঞ্চল চৌধুরী

ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে লন্ডন গেলেন চঞ্চল চৌধুরী।  নির্মাতার 'পদাতিক' সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল। মুক্তির আগেই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। আর এ কারণেই লন্ডন যাত্রা।  

বুধবার নিজের ফেসবুক হ্যান্ডেলে বিমানের ভেতর থেকে একটি সেলফি প্রকাশ করেছেন অভিনেতা। সেখানে সৃজিত মুখার্জিকেও দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, সৃজিত’দার সাথে পদাতিক-এর অনেক বড় একটা সফর….
লন্ডন যাত্রা।  উদ্দেশ্য একটি চলচ্চিত্র উৎসবে পদাতিক-এর প্রথম প্রদর্শনী।

প্রদর্শনীর শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সবার সঙ্গে বসে আমি ও পরিচালক সৃজিত সিনেমাটি দেখব আশা করছি', বলেন তিনি।

আলোচিত এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি বলেন, 'মৃণাল সেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক। এইরকম একজন বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় পাওয়া।'