আড়াই বছর আগে শুটিং শুরু হয়েছিল টেলিছবি ‘নীল জলের কাব্য’-এর, যেখানে জুটি বেঁধে অভিনয় করেছিলেন হালের দুই জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। কয়েক দফায় টেলিছবিটির কাজ আটকে যায় এরপর নানা বিরতির মধ্য দিয়ে চলতি বছরের আগস্টে এটির শুটিং শেষ করেন নির্মাতা শিহাব শাহীন।
অবশেষে ঘোষণা এল, টেলিছবিটি মুক্তি পাচ্ছে। তবে টেলিছবি হিসেবে নয়, ওয়েব ফিল্ম হিসেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। ওয়েব ফিল্মটির একটি পোস্টার শেয়ার করে জানানো হয়, আগামী ১৬ নভেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘নীল জলের কাব্য’।
নির্মাতা শিহাব শাহীন দেশ রূপান্তরকে বলেন, ‘আড়াই বছর আগে এটার কাজ শুরু করেছিলাম টেলিভিশনের জন্য, টেলিছবি হিসেবে। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি ওয়েব ফিল্ম হিসেবে তৈরি করা হয়। কাজটা শুরু করার পর চার দফায় শুটিং বন্ধ হয়ে যায়। দেশে করোনা মহামারি এলো, এরপর একবার নিশো অসুস্থ হয়ে পড়ল আরেকবার মেহজাবীন; যার কারণে কাজটি বন্ধ রাখতে হয়। এরপর আবার যখন নতুন শিডিউল করি তখন আমি অসুস্থ হয়ে পড়ি। এরকম করে কাজটা অনেকবার পিছিয়ে গেল।’
তিনি আরও বলেন, একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে গল্প। গল্পের দুই চরিত্র নিশো-মেহজাবীনের এক শ্রেণির দর্শক আছেন। তাদের বাইরেও সাধারণ দর্শক কনটেন্টটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, জাহান সুলতানার গল্পে ২০২১ সালের ৯ মার্চ ‘নীল জলের কাব্য’-এর শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় শুটিং হয়ে চলতি বছরের আগস্টে নির্মাণ কাজ শেষ করেন নির্মাতা শিহাব শাহীন।